নোয়াখালীর হাতিয়ায় হত্যাসহ ৯টি মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি মো. নিজাম উদ্দিনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে উপজেলার সুখচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গতকাল সংবাদ সম্মেলন করা হয়েছে। পাশাপাশি হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধেও মামলা না নেওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন এবং হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন।
পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য ধারায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় সুখচর ইউনিয়নের রামচরণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তাঁর স্বজনরা পুলিশকে ঘিরে ধরে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের কর্তব্যে যাঁরা বাধা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে হাতিয়া উপজেলার ৩ নম্বর সুখচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন ও নাজিম মোল্লাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। পরিবারের দাবি, তাঁদের ওপর হামলা ও নির্যাতনসহ বিভিন্ন ঘটনার সঙ্গে এসব ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে।
এ ছাড়া হাতিয়া থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণ না করার অভিযোগও তোলেন নিজাম উদ্দিনের পরিবারের সদস্যরা। পুলিশের হেফাজত থেকে একজন পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে তাঁর পরিবারের সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঘটনার প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে সুখচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো ছড়াচ্ছে।” তিনি আরও বলেন, “পলাতক নিজাম উদ্দিনের ছেলে রাজীব উদ্দিন এনসিপি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আমি হওয়ায় একটি কুচক্রী মহল এসব অপপ্রচার চালাচ্ছে।”
অপর এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নিজাম উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করলে হাতকড়া পরিহিত অবস্থায় তাঁদের আত্মীয়স্বজন তাঁকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের ঘর তল্লাশি করে। কিন্তু ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাঁরা সাজানো সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”