খুলনা

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম থেকে চারটি চোরাই ইজিবাইক, বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০), রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যাকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাঁশগ্রামে অভিযান চালানো হয়।

প্রথমে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর সবুজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও জব্দ করে পুলিশ।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃত ইজিবাইকসহ মালামাল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি এবং চালককে অজ্ঞান করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তৎপর হয়ে ব্যাটারিচালিত এসব ইজিবাইক উদ্ধারে অভিযান পরিচালনা করছে। এতে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরছে।

 


সম্পর্কিত খবর