রংপুর

অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, আমরা পানির হিস্যা আদায় করব: মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল বলেন, "এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি সরকারের ব্যর্থতা।" তবে আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রচার-প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ইতিবাচক রয়েছে।

 

ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে মহাসচিব বলেন, "জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি রয়েছে। আমরা তিস্তা ও পদ্মাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে জোরালো আলোচনা করব। পারস্পরিক সম্মান বজায় রেখেই আমরা আমাদের অধিকার আদায়ের চেষ্টা করব। সঠিক কূটনৈতিক পদক্ষেপ নিতে পারলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব।"

 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান ও আন্তর্জাতিক রাজনীতি জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে যেভাবে অপমান করা হয়েছে, তা দেশের জন্য অবমাননাকর। এই বিষয়ে ক্রিকেট বোর্ডের অবস্থানের সঙ্গে বিএনপি একমত পোষণ করে।

 

রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও ভবিষ্যৎ সরকার পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "যারা সব সময় ফ্যাসিবাদকে ভয় করে কিন্তু নিজেরা কাজ করে না, তারাই অবান্তর আশঙ্কা প্রকাশ করে। বিএনপি রাজপথে লড়াই করতে জানে। আমরা ফ্যাসিবাদকে মোকাবিলা করতে ভয় পাই না।"

 

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।



সম্পর্কিত খবর