রংপুর

আইক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেশী দেশ ভারতের গণতন্ত্রের উদাহরণ দিয়ে বলেছেন, “পাশের দেশ ভারতের দিকেই তাকিয়ে দেখুন। তাদের অনেক সমস্যা, তাদের সমস্যার শেষ নেই। তারপরও তাদের গণতন্ত্র টিকে গেছে। কী জন্য? তাদের গণতন্ত্র টিকে গেছে, কারণ তাদের গণতন্ত্র প্রশাসন, বিচার বিভাগ, মিডিয়াসহ যে প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীল, সে প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী।”

রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, “আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে, বাংলাদেশের বিষয়টা এত সহজ নয়। এখানে ২০ কোটি জনগণের বসবাস। আমরা মাত্র ৫৪ হাজার বর্গমাইলের একটি এলাকায় বসবাস করি। এখানে দারিদ্র্য একটি বড় সমস্যা। ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে তেমন কোনো উন্নত কলকারখানা নেই। আমরা এসব অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন করতে চাই।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র চর্চা হয়, তাহলে আর বাদবাকি সব সমস্যার সমাধান হবে। আমরা যদি ন্যায়বিচারের জন্য প্রভাবমুক্ত একটি বিচার বিভাগ তৈরি করতে পারি, তাহলে দেশের মানুষ উপকৃত হবে। আমরা আমাদের প্রশাসনকে যদি যোগ্য প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সমস্যা আছে অনেক, সমস্যা থাকবেই, বিরোধিতাও থাকবে। এর মাঝেও যদি আমরা আমাদের দেশের সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তুলতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হবে।”

এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত নেপালের সহায়তায় ঠাকুরগাঁও আইক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আলমগীর বলেন, “বাংলাদেশে নেপালের এই আইক্যাম্পের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বৃদ্ধি পাবে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নেপাল সীমান্তবর্তী পর্যটনের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।”

ঠাকুরগাঁও ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আবু মো. খায়রুল কবিরের সভাপতিত্বে এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উপ-মিশনপ্রধান প্রতীক কারকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল নেত্র জ্যোতি সংঘের অধ্যাপক ড. চ্যাথা রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের সভাপতি পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদসহ আরও অনেকে।

 


সম্পর্কিত খবর