নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসান চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে গত বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শেখ সোহেল রানা এবং আবেদ পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।
এর মধ্যে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কী ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।