অর্থনীতি ও বাণিজ্য

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

দফায় দফায় বৈঠক আর দরকষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। দীর্ঘ বৈঠক শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে (রাত সোয়া ৪টা) নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন।

 

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম (চতুর্থ গ্রেড) মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।

 

এ ছাড়া তৈরি পোশাক খাতের শ্রমিকদের অন্যান্য গ্রেডে ন্যূনতম মজুরি তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেড ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেল ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সবশেষ বৈঠক শুরু হয়।

 

মজুরি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে গভীর রাত পর্যন্ত চলে এ বৈঠক। পরে ভোররাতে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী।

নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান বলেন, গ্রেড ৪ এ ন্যূনতম মজুরি নির্ধারণের সর্বসম্মত সিদ্ধান্তে আসতে না পারায় গোপন ভোটের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসেবে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১২৯ ধারা ১ অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের উপস্থিতিতে গ্রেড ৪ এর নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আজাদ সুবহানী জানান, বাকি গ্রেডগুলোর ক্ষেত্রে বোর্ড সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেড ২১ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

 

নিম্নতম মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, দরকষাকষির দীর্ঘ বৈঠকে মালিক পক্ষ ১৭ হাজার টাকা পর্যন্ত রাজি হয়। চতুর্থ গ্রেডে তারা এর চেয়ে বেশি বাড়াতে রাজি হননি। অন্যদিকে শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার নীচে নামতে রাজি হননি। আলোচনার মাধ্যমে সব পক্ষ ঐকমত্য হতে না পারায় শেষ পর্যন্ত চূড়ান্ত করতে নিম্নতম মজুরি বোর্ডের সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম (চতুর্থ গ্রেড) মজুরি ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।

 

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন শুরু করলে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। 

 



সম্পর্কিত খবর