নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং দায়মুক্তির সংস্কৃতি অবসানে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষের সূচনালগ্নে নোয়াখালীর এনআরডিএস বিনোদপুর সম্মিলন কেন্দ্রে অনুষ্ঠিত তৃণমূল জনসম্মিলনে বক্তারা এ আহ্বান জানান।
এনআরডিএসের জেন্ডার সমতা ও নারী অধিকার ইউনিটের আয়োজনে এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। জাতীয় সংগীত ও নারী জাগরণমূলক গানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে তৃণমূল নারী প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন জীবনের অধিকারবঞ্চনা ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরেন। দ্বিতীয় পর্বে নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা নারীর মানবিক মর্যাদা, রাজনৈতিক অংশগ্রহণ এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধে সমাজের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, নারীকে কেবল লিঙ্গভিত্তিক পরিচয়ে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ মানুষ, নাগরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতে হবে। নারীর প্রকৃত স্বাধীনতা ও ক্ষমতায়নের জন্য শিক্ষা, সম্পত্তির অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও উল্লেখ করেন, শুধু সচেতনতা সহিংসতা রুখতে যথেষ্ট নয়; অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমে নির্যাতনের খবর সংবেদনশীলতার সঙ্গে প্রকাশ এবং স্থানীয় পর্যায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আলোচনায় অংশ নেন প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান, এসো গড়ি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফারজানা তিথি, এসএইচবিওর পরিচালক ফাহিদা সুলতানা, চিকিৎসক ডা. হৃদি এবং গণমাধ্যমকর্মী জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু ও নূরনবী। তৃণমূল নারী নেতৃত্বের মধ্যে বক্তব্য দেন তিন্নি, রেশমি, কৃষ্ণা, জান্নাতুল মাওয়া ও আলেয়া বেগম প্রমুখ।
এর আগে মাইজদী টাউন হল চত্বরে ৩৮টি সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত সংহতি সমাবেশে এনআরডিএসের পক্ষ থেকে অংশ নিয়ে সংহতি প্রকাশ করা হয়।