খুলনা

ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে নারী নিহত

ঝিনাইদহ শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় সাবেক স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সুমাইয়া খাতুন শহরের কাঞ্চননগর বাবর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে।

নিহতের ভাই রাতুল হোসেন জানান, আট বছর আগে সুমার সঙ্গে এনামুল হক মিরাজের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে ফারহান নামের ছয় বছর বয়সী এক সন্তান রয়েছে। চার বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরও মিরাজ প্রায়ই ওই এলাকায় আসা-যাওয়া করতেন।

তিনি আরও জানান, বুধবার সকালে সুমা তাঁর সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে মিরাজের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ ইট দিয়ে সুমার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


সম্পর্কিত খবর