অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে মঙ্গলবার অস্ট্রেলিয়া ত্যাগ করে দেশের উদ্দেশে রওয়ানা হন জামায়াত আমির। সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা, কুশলবিনিময় ও আবেগঘন পরিবেশে তারা ডা. শফিকুর রহমানকে বিদায় জানান। সফরে জামায়াত আমির সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন।
একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন।
২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।