দিনাজপুর মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ন ডক্টরস রিসিপশন ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “চিকিৎসা পেশা কেবল একটি জীবিকা নয়, এটি আর্তমানবতার সেবার ব্রত। পেশাগত জীবনে নৈতিকতা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।”
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. শাহ আলম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদ্দীন আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুল হক এবং জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস। সনদ প্রদান শেষে কলেজ ক্যাম্পাসে একটি আনন্দ র্যালি বের করা হয়। এর আগে অধ্যক্ষ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।