ঢাকা

কারিগরি দক্ষতায় গুরুত্ব দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কক্সবাজারে মাস্টার্স চালুর ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে স্নাতক সম্মান পর্যায়ে আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার সরকারি কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

 

উপাচার্য বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের। উচ্চশিক্ষা শেষে তারা যেন বেকারত্বের বোঝা না হয়, সেজন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও চাকরির বাজারের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।" কারিগরি দক্ষতা বৃদ্ধিতে ইতিমধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

কক্সবাজারের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে উপাচার্য জেলাটিতে ‘ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে পেশাদার কোর্স চালুর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কক্সবাজার সরকারি কলেজে গণিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

 

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মফিজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম। এর আগে উপাচার্য কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী জেলা পর্যায়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. অহিদুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ উল্লাহসহ বিশ্ববিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর