ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান ব্যারেল রিভলভার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গুটিয়ানি বটতলা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একদল সন্ত্রাসী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি ওয়ান ব্যারেল রিভলভার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, "উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো বর্তমানে আইনগত প্রক্রিয়া শেষে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এই এলাকায় আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"