খুলনা

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, প্রমাণ মিলেছে নানা অনিয়ম ও দুর্নীতির

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, বিভিন্ন কার্যক্রম এবং গণমাধ্যমে প্রকাশিত নানা অনিয়ম ও দুর্নীতির সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা ও সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।

অভিযান শেষে ঝিনাইদহ দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। আমরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি এবং সেগুলো গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। সার্বিক বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্বয়ং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন সরকারি অর্থ বরাদ্দ আত্মসাতের সাথে জড়িত রয়েছেন বলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দুদকের এ অভিযানের পর হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।

 


সম্পর্কিত খবর