কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে হামলা ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সাব্বির রানা পান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত পান্টু তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং বিস্ফোরক দ্রব্য আইনসহ কুষ্টিয়া ও মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পান্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি এবং ঈদগাহের জমি দখলের মতো গুরুতর অভিযোগ ছিল। এসব অপরাধের প্রতিকার এবং তাকে গ্রেপ্তারের দাবিতে ইতিপূর্বে সাধারণ মানুষ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, গত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। ইতিপূর্বে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতেন তিনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পান্টুর বিরুদ্ধে নির্দিষ্ট মামলার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে।