চট্টগ্রাম প্রতিদিন

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না," নোয়াখালীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের কোনো 'উত্তাপই' নির্ধারিত নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি স্পষ্ট করে জানান, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তবে সিদ্ধান্ত যাই হোক— আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত 'মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

 

শফিকুল আলম বলেন, "রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, এক পার্টি এক কথা বলবে, এটাই নিয়ম, সারা বিশ্বে এমনই হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এটাকে ঠেকানোর কোনো শক্তিই নাই।"

 

তিনি সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গল, গণতন্ত্রের স্বার্থ এবং সকল দলের জন্য মঙ্গলজনক— এমন সব কাজই করবেন। তিনি অন্তর্বর্তী সরকারের ইতোমধ্যে সম্পন্ন করা বড় কাজগুলোর উল্লেখ করে বলেন:

 

সরকার জুলাই সনদ ডিক্লেয়ার করেছে এবং সনদে স্বাক্ষর হয়েছে। অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা গেছে। ট্রায়ালের কাজগুলো চলছে।

আগামী ১৮ তারিখে কোর্ট হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও রায়ের দিন ঘোষণা করবে।

 

জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমি-র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।



সম্পর্কিত খবর