ঢাকা

গবেষণা ও উদ্ভাবনে ডুয়েট-বিটোপিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্প্রসারণে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডুয়েট উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়।

 

ডুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তৈয়ব এবং বিটোপিয়া গ্রুপের পক্ষে নির্বাহী পরিচালক মো. মনির হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ডুয়েট বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা আইসিটি ইনকিউবেটরের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পাবে।”

 

চুক্তির আওতায় শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, ইন্টার্নশিপ ও মানবসম্পদ উন্নয়নে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, এই সমন্বয় পঞ্চম শিল্পবিপ্লবের নেতৃত্ব দেওয়ার উপযোগী গবেষক ও বিজ্ঞানী তৈরিতে সহায়ক হবে।

 

অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা এবং বিটোপিয়া গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিটোপিয়া গ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড সলিউশনসহ বিভিন্ন প্রযুক্তি খাতে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে।



সম্পর্কিত খবর