গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো আয়োজিত আন্তঃঅনুষদীয় ভলিবল, ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ। এই দুই ইভেন্টেই রানারআপ হয়েছে কৃষি অনুষদ। অন্যদিকে, ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি অনুষদ এবং রানারআপের শিরোপা জিতেছে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে আমরা আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেছি। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধিতে সহায়ক হবে।"
ব্যক্তিগত নৈপুণ্যে ভলিবলে 'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হন কৃষি অনুষদের সীমান্ত রাণী পাল। ফুটবলে একই সম্মান অর্জন করেন চলন্তিকা রাণী প্রগতি এবং ক্রিকেটে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিচি।
পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।