ঢাকা

গাকৃবিতে প্রযুক্তি হস্তান্তর অফিস প্রতিষ্ঠার উদ্যোগ, কর্মশালা অনুষ্ঠিত

উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষা ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রযুক্তি হস্তান্তর অফিস (টিটিও) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে ‘হিট’ প্রকল্পের অর্থায়নে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

গাকৃবি উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “গবেষণা শুধু ল্যাবরেটরি বা জার্নালে সীমাবদ্ধ থাকলে চলবে না; উদ্ভাবনকে কৃষকের মাঠ ও শিল্পখাতে পৌঁছে দিতে হবে। প্রস্তাবিত এই প্রযুক্তি হস্তান্তর অফিস গবেষক এবং উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে।”

 

উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে পেটেন্ট আবেদন প্রক্রিয়া ও আইনি সুরক্ষা বিষয়ে আলোকপাত করেন বাংলাদেশ পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ ফলাফলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।



সম্পর্কিত খবর