ঢাকা

গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হলফনামায় ত্রুটি, এক শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

 

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যাচাই-বাছাইয়ে আসনভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, গাজীপুর-২ আসনে সর্বাধিক আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় চারজন এবং হলফনামা ও স্বাক্ষরের ঘাটতির কারণে বাকি চারজনের আবেদন নাকচ করা হয়।

 

গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে জাতীয় পার্টি ও গণফ্রন্টের দুইজন এবং গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের চারজন এবং গাজীপুর-৫ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। গাজীপুর-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর প্রস্তাবকারীর তথ্য ভুল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

 

রিটার্নিং কর্মকর্তা মো. আলম হোসেন জানান, "নির্বাচন কমিশনের নির্ধারিত শর্তাবলি পূরণ না করায় এবং হলফনামায় তথ্যের অসংলগ্নতা পাওয়ায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।" তিনি আরও সতর্ক করে বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচারণায় জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একদিনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় জেলার নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 



সম্পর্কিত খবর