ঢাকা

চাচীকে ধর্ষণের অভিযোগ পিবিআইয়ের তদন্তে গ্রেপ্তার ভাতিজা

নরসিংদীর পলাশে চাচীকে ধর্ষণ ও এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার হওয়া অপূর্ব চন্দ্র দাস (২০) উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা।

পিবিআই সূত্রে জানা গেছে, মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। এ সুযোগে গত বছরের ২০ জুন রাতে বসতঘরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হন। চলতি বছরের ১৭ এপ্রিল তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির পিতৃপরিচয় এবং নিজের নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হলে ওই নারী আদালতে মামলা করেন।

মামলা দায়েরের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও সূত্রের মাধ্যমে আসামির অবস্থান শনাক্তের পর গত ২৭ সেপ্টেম্বর পলাশের পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্ব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 


সম্পর্কিত খবর