বরিশাল

তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হওয়ায় এমপি মাসুদকে বাউফল প্রেস ক্লাবের সংবর্ধনা

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে বাউফল প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাউফল প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন সংসদ সদস্য। বাউফল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, সাবেক সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ও সহসভাপতি এবিএম মিজানুর রহমান।

মতবিনিময় সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "বাউফলের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।"

তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, সততা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



সম্পর্কিত খবর