ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি আসন থেকে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে ১৪ জন জমা দিয়েছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে আটজন এবং জয়পুরহাট-২ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন।
জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত ডা. ফজলুর রহমান সাঈদ, বাসদ মনোনীত অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত তৌফিকা দেওয়ান লিজা, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত সুলতান মো. শামছুজ্জামান ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত আনোয়ার হোসেন। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেকুন নাহার ও জালাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত এস এম রাশেদুল আলম এবং এবি পার্টির এস এ জাহিদ। এই আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা। এছাড়া প্রকৌশলী আমিনুর ইসলাম ও আব্বাস আলীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, “শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, জয়পুরহাটের দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৬৭৬ জন, যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। জেলায় মোট ২৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।