শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক। এ সময় পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে ফল উপহার দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলার সবচেয়ে বড় পূজামণ্ডপ মাদারগঞ্জসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৫ অধিনায়ক। এ সময় জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহীসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটে এ বছর ৩০৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআরবি-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, "শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বিঘ্নে উৎসব উদ্যাপন নিশ্চিত করতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।"
তিনি আরও বলেন, "উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।"