রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় অক্ষত আছেন সংগীতশিল্পী আসিফ আকবর। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে না পারলেও তার ধারণা, তাকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে দুর্বৃত্তদের সেই চেষ্টা সফল হয়নি বলে মনে করছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরে একটু বিশ্রামের আশায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি।
ঘুম থেকে উঠে শনিবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন আসিফ আকবর।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি একদম সুস্থ আছি, ঠিক আছি। চিন্তার কোনো কারণ নেই। সকালবেলা পুলিশের সঙ্গে যাবতীয় কাজ শেষে বাসায় এসে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসায় এসেছিলেন, তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’
ঘটনার সময় কোথায় ছিলেন, জানতে চাইলে আসিফ আকবর বলেন, ‘যখন ঘটনাটা ঘটে আমি অফিসে ছিলাম। তখন সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সেসময় আমার গাড়িতে কেউই ছিল না।