ঢাকা

গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কোরআন শরিফে আগুন দিলেন যুবক

গাজীপুরে একটি মন্দিরের অভ্যন্তরে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে মো. ইউসুফ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. ইউসুফ আলী (২৮) পুলিশি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফ আলী তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ওই মন্দিরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি মন্দিরের প্রতিমার সামনে সেজদায় লুটিয়ে পড়েন। পরে নিজের সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি পবিত্র কোরআন বের করে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় মন্দিরের নিরাপত্তাকর্মী ও উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন এবং আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনার পর কোনাবাড়ী মেট্রো থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইউসুফ আলী ও তাঁর ছেলেকে হেফাজতে নেয়। বর্তমানে ইউসুফ পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কর্মকার বলেন, “ইউসুফ আলী নামে এক যুবক তাঁর আট-দশ বছর বয়সী ছেলেকে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি একটি কোরআন শরিফে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। এর আগেও তিনি একই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তবে তাঁর চিকিৎসা সংক্রান্ত তথ্য বা মানসিক স্বাস্থ্যগত অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর মন্দির ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 


সম্পর্কিত খবর