বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২২ জানুয়ারির সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শহরের পুনিয়াউট এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় এই সফরের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার ১৪টি সাংগঠনিক ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। সভায় তারেক রহমানের আগমনকে সফল করতে তৃণমূল পর্যায়ে জনমত গঠন ও শৃঙ্খলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সময় পর নেতার আগমনকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই সফরকে স্মরণীয় করে রাখতে এবং সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ জোরদার করা হবে।
যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আনিসুল ইসলাম ঠাকুর, আনিছর রহমান মঞ্জু, এ বি এম মোমিনুল হক এবং সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন এবং দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।