'সাম্য ও সমতায়—দেশ গড়বে সমবায়' প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর।
এরপর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, "কর্মসংস্থানের অভাবে আমাদের দেশে অপরাধ বেড়ে যাচ্ছে। ছেলে-মেয়েদের চাকরি করার স্বপ্ন না দেখিয়ে উদ্যোক্তা বা মালিক হওয়ার স্বপ্ন দেখান। সমবায়ের মাধ্যমে অনেককে উদ্যোক্তা বা খামারি হওয়ার আগ্রহ দেখাতে পারি।"
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, "সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সমাজের প্রতিটি পেশার মানুষের গুরুত্ব আছে। এখানেই সাম্য প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সফল হলে দেশ এগিয়ে যাবে।"
সভাপতির বক্তব্যে জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর জানান, সমবায় অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশনায় দিনাজপুর জেলাতেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একত্রিত করে সমিতি গঠন, প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন প্রকল্প গ্রহণ ও অর্থায়ন করে বেকারত্ব দূরীকরণে কাজ চলছে। তিনি জানান, জেলায় মোট ১ হাজার ৫৯৮টি সমবায় সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা ১,৭১,২৬২ জন। এই বিপুল মূলধন ও সম্পদের উত্তম ব্যবহারের মাধ্যমে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখা সম্ভব।
সভা শেষে দিনাজপুর জেলার পাঁচটি ক্যাটাগরির শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও পাঁচটি সমবায় সমিতির কর্মকর্তাদের নিকট উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের ভাগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।