শরীয়তপুরে ডা. নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. রায়হান রাব্বানীর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা. হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা. আব্দুল খালেক, সদর হাসপাতালের শিশু কনসালট্যান্ট ডা. আনোয়ারুল ইসলাম, ড্যাবের আজীবন সদস্য ডা. মোকাররম হোসেন, ডা. রেজাউল ইসলাম, ডা. আরাফাত রহমান, ডা. জাকির হোসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে স্বাস্থ্য সুরক্ষা আইনের দাবিও জানান তারা।