চট্টগ্রাম প্রতিদিন

দুর্নীতির অভিযোগে একলাশপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপসারিত, প্রশাসক নিয়োগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে পরিষদের কার্যক্রম সচল রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

 

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। আদেশে জনস্বার্থে আবু বাহারের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিয়ে তা নবনিযুক্ত প্রশাসকের ওপর অর্পণ করা হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট আব্দুর রহীম চুন্নুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তদন্ত পরিচালনা করে। তদন্তে প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযোগকারী আব্দুর রহীম চুন্নু দাবি করেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৬ মাসের দায়িত্ব পালনকালে দৃশ্যমান কাজ না করে ১ শতাংশ বরাদ্দের ২৮ লাখ টাকাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন।"

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আবু বাহার দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, "একটি পক্ষ আমাকে পদত্যাগ করতে চাপ দিচ্ছিল, তা না করায় আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।"

 

নবনিযুক্ত প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, "তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করতে এবং কার্যক্রম গতিশীল রাখতে এখন থেকে আমি দায়িত্ব পালন করব।"



সম্পর্কিত খবর