রংপুর

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর জনসভা, কলকারখানা চালুর প্রতিশ্রুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা সফিউল আলম সফিউল্লাহ সুফির সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।

 

দণ্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইবরাহীম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সফিউল আলম বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের বন্ধ হয়ে যাওয়া সকল চিনিকল ও কলকারখানা পুনরায় চালু করা হবে।” এ সময় তিনি কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনারও প্রতিশ্রুতি দেন।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার আগেই হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান দখলের অপতৎপরতা শুরু করেছে। ৫ আগস্টের পরবর্তী সময়ে মামলা ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি ভোটারদের ভোটের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল বাতেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সচিব আবুল বাশার বসুনিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 



সম্পর্কিত খবর