বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "যেকোনো হত্যার ঘটনায় সরকারের উদাসীনতা কাম্য নয়। আমরা আশা করব, সরকার দায়িত্বশীলতার সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।"
বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক ছাত্র শিবিরের বিজয় ও সাংগঠনিক প্রভাব বৃদ্ধি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "এটি একটি গবেষণার বিষয়। দীর্ঘ দেড় দশক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের কারণে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তবে আমি জোর দিয়ে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনী ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।"
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর দেশে ফিরে তিনি দিনাজপুরে নানির কবর জিয়ারত করবেন। এরপর ঠাকুরগাঁওয়ে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন (পয়গাম আলী) সহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।