‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই স্লোগানে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক।
সভাপতিত্ব করেন নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ফ ম মশিউর রহমান বাবু। তিনি বলেন, “ডায়াবেটিস রোগ ঘুণে ধরা ফার্নিচারের মতো। কাঠের ফার্নিচারে ঘুণপোকা ধরলে যেমন ধীরে ধীরে সুন্দর ফার্নিচার ভেতর থেকে নষ্ট হয়ে যায়, তেমনি মানবদেহে ডায়াবেটিস শুরু হলে সেই সুন্দর মানুষটি নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়। তাই নিয়মিত পরীক্ষা ও ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিসে অবহেলা করলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। নিয়মিত চিকিৎসায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক মানুষ দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করছেন, বেঁচে আছেন।”
সভায় স্বাগত বক্তব্য দেন ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. দীপ বিশ্বাস সুদীপ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল, আল্ট্রাসনোগ্রাম ও নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. স্মৃতিকণা সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জোয়ার্দ্দার আশরাফুল কবিরসহ অনেকে।