আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আটজন প্রার্থী তাঁদের আবেদন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
এই আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট এ কে এম আবদুল মান্নান মনোনয়নপত্র জমা দিলেও দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে লড়াইয়ে নেমেছেন কাজী নাজমুল হোসেন তাপস। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্র জমা দেওয়া অন্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ শাহীন খান, গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান, জামায়াতে ইসলামীর মো. আবদুল বাতেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসেন আশরাফী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নজরুল ইসলাম নজু।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নবীনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার একাধিক রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। শেষ দিন পর্যন্ত বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাঁদের কার্যক্রম সম্পন্ন করেছেন।