চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে ব্রি’র প্রশিক্ষণ ও ৭০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নত প্রযুক্তিতে ধান চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৭০ জন কৃষকের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণসহ বিনামূল্যে উচ্চফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ব্রি কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহা ও ফার্ম ম্যানেজার শামীম আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ও প্রতিকূলতা সহনশীল জাতের ধানের বীজের সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রি উদ্ভাবিত ব্রিধান ১০১ থেকে ১০৮ পর্যন্ত জাতগুলো অত্যন্ত কার্যকর। নবীনগরের ৭০ একর জমিতে এসব খরা ও রোগবালাই সহনশীল জাত চাষের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন।"

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশিদ জানান, নতুন জাতগুলো দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতেই এই কারিগরি প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে। নবীনগর ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নাসিরনগর উপজেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। উপস্থিত কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো মানসম্মত বীজ ও সার পাওয়ায় তারা আধুনিক চাষাবাদে অধিক আগ্রহী হচ্ছেন।



সম্পর্কিত খবর