চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে ৯৩ মেধাবী শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থসহ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, এ বছর মোট ৯৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং জনপ্রতি এক হাজার টাকা করে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে এই নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক সজিব চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রান্তিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের এভাবে উৎসাহিত করার উদ্যোগ প্রশংসনীয়। এই বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।"

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী বোরহান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য ডা. রাসেল সরকার এবং বিটঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বশির ডাক্তার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আরাফাত সানির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি আবু শামা, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মুন্সী ও রহমত উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক এবং বিটঘর ইউনিয়ন স্পোর্টস একাডেমির সভাপতি কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক পলাশ খন্দকার।



সম্পর্কিত খবর