ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবোতে কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার খামারেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে এবং আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহত পিকআপ ভ্যান চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান খামারেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপ চালক। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।”