নরসিংদীতে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। একদিকে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় জেলায় সন্দেহজনক হামে ১০ জন এবং ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ জন। সব মিলিয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। তবে এ সময়ে হাম ও ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২২৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ১৩ জন।
জেলায় এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। সন্দেহজনক হামে এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা নথিভুক্ত হয়নি।
অন্যদিকে, ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, নরসিংদীতে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ রোগে এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাম ও ডেঙ্গুর এমন পরিস্থিতিতে জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ এবং মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।