আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোরে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যেই গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত মোবাইল টহলের মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিজিবির এই আভিযানিক কার্যক্রম নির্বাচনকাল পর্যন্ত অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অস্ত্রপাচার রোধে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এই কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।