বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ এবং গ্রামীণ নারীদের এনজিও ঋণ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
এ দিন মুন্সিপাড়া, ঢোলর হাট ও আখানগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মির্জা ফখরুল বলেন, “আমরা রাসুলুল্লাহর (সা.) দেখানো পথে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ব যেখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো নিরপরাধ কর্মীকে হয়রানি করা হবে না।
নির্বাচনী মিত্র জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “ধর্মকে পুঁজি করে ভোট কেনার অপচেষ্টা করা হচ্ছে। শোনা যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, যা বাস্তবসম্মত নয়।”
নিজের শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো অনৈতিক সুবিধা নেইনি। বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি। জীবনের শেষ নির্বাচনে আপনাদের সমর্থন প্রত্যাশা করি।”
সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সীমা লঙ্ঘনকারীদের পতন অনিবার্য। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।