রংপুর

পঞ্চগড়ে আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলেন বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয় খুলে দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি কার্যালয়টি উন্মুক্ত করেন এবং এলাকায় সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

 

জানা গেছে, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছিলেন। শুক্রবার সকালে বিএনপি নেতা আবু দাউদ প্রধান দলীয় কর্মীদের নিয়ে এসে তালা খুলে দেন। পরে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট এবং মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ বিএনপি নেতার এই উদ্যোগকে স্বাগত জানান।

 

সংবাদ সম্মেলনে আবু দাউদ প্রধান বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ ১৮ বছর পর জনম্যান্ডেটের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। আমি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের আশ্বস্ত করছি, কেউ আপনাদের ওপর অন্যায় করলে বা গায়ে হাত দিলে আমাকে জানাবেন। তবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

 

এদিকে কার্যালয়টি খুলে দেওয়ার সময় মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, আপাতত এই অফিসটি মুক্তিযোদ্ধারা ব্যবহার করবেন এবং এখান থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে না। বিএনপির ওই নেতার কার্যালয় খোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান আরও স্পষ্ট করেন যে, এটি তাঁর ব্যক্তিগত বা স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত ছিল যাতে এলাকায় কোনো প্রকার উত্তেজনা বা সহিংসতা তৈরি না হয়।



সম্পর্কিত খবর