রংপুর

পঞ্চগড়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘যুব সংসদ’ শুরু হচ্ছে ১৬ জানুয়ারি

পঞ্চগড় জেলার ওয়ার্ড পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নীতিনির্ধারণী চর্চায় অংশ নিতে যাচ্ছে জেলার ২৫০ জন তরুণ। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি প্রথমবারের মতো জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘যুব সংসদ’। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক কমিটির সদস্য ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার সোহাগ জানান, ১৬ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সংসদীয় অনুশীলন চলবে। এটি মূলত একটি তারুণ্যনির্ভর প্ল্যাটফর্ম, যেখানে জেলার তরুণরা নীতিনির্ধারণ ও নেতৃত্ব চর্চার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

 

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনার সংস্কৃতি তৈরি করা। যুব সংসদে অংশগ্রহণকারীরা নিজ নিজ ওয়ার্ডের বিদ্যমান প্রতিবন্ধকতা ও উন্নয়নের সম্ভাবনাগুলো চিহ্নিত করবেন। পরবর্তীতে তরুণদের এই প্রস্তাবনা ও সুপারিশগুলো বিল আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

 

ভবিষ্যতে পঞ্চগড় থেকে দক্ষ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি তৈরি এবং তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন। যুব সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন আহসানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আশরাফুল ইসলাম রনি এবং ডেপুটি স্পিকার হিসেবে থাকবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ইউনিভার্সিটি সেক্রেটারি শারমিন সুলতানা নিশি।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী লতিফা ইয়াসমিন শান্তু, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি মো. শাকিল হাসান এবং ক্রিয়েটিভ অলিম্পিয়াড ঢাকার নির্বাহী প্রধান মো. তন্ময় ইসলাম উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর