পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কলেজগুলোর উন্নয়ন এবং উচ্চশিক্ষাকে কর্মমুখী ও যুগোপযোগী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাঙ্গামাটি সরকারি কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এই তথ্য জানান।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় ১০ লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও পুরোনো সিলেবাসের কারণে ৪০ শতাংশই কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাচ্ছে না। এই সংকট কাটাতে উচ্চশিক্ষাকে সময়োপযোগী করতে সিলেবাস সংস্কার করা হয়েছে। ইতোমধ্যে স্নাতক সম্মান পর্যায়ে তথ্যপ্রযুক্তি (IT) ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি শিল্পখাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের কাজ চলছে।
ড. আমানুল্লাহ আরও জানান, শিক্ষার আধুনিকায়নে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে। এছাড়া পার্বত্য তিন জেলার কলেজগুলোতে মাস্টার্স, প্রিলিমিনারি ও স্নাতক (পাস) কোর্সের অধিভুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে সরকারি কলেজগুলোর কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য একটি আলাদা ‘সেল’ গঠনের বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাসিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষরা অংশ নেন। সভায় শিক্ষাব্যবস্থার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।