রাজনীতি

প্রথম দিন থেকেই সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর ইচ্ছা ও জনগণের সমর্থনে সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজের পর থেকেই দেশের জন্য নেওয়া সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।

 

উন্নত ও বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “আগামী বাংলাদেশ হবে সবার—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয়; আমরা এমন এক দেশ গড়তে চাই যেখানে কোনো মা বা বোন নিরাপত্তাহীনতায় ভুগবেন না।”

 

জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পরিবারতন্ত্র ও নির্দিষ্ট গোষ্ঠীর হাত থেকে মুক্তি এবং একটি কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্যই ছাত্র-জনতা রক্ত দিয়েছে। ডা. শফিকুর রহমান আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, “রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। এ গণভোট জনগণের ইচ্ছা প্রকাশের শ্রেষ্ঠ সুযোগ।”

 

নির্বাচনী ইশতেহারের মূল বার্তা তুলে ধরে তিনি ৫টি বিষয়ে ‘হ্যাঁ’ (সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান) এবং ৫টি বিষয়ে ‘না’ (দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি) বলার আহ্বান জানান। ডা. শফিকুর রহমান আরও বলেন, “অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে জামায়াতের কোনো জনপ্রতিনিধি দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। আমরা মেধা ও প্রযুক্তিনির্ভর এক নতুন বাংলাদেশ গড়তে তরুণদের সাথে নিয়ে পথ চলতে চাই।”

 

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমমর্যাদা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধেও জামায়াত কার্যকর ভূমিকা রাখবে। ভাষণ শেষে তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার এবং প্রতিদ্বন্দ্বী দলের বৈধ অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান।



সম্পর্কিত খবর