চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক বরই বাগান মালিকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ আবদুল্লাহ (৩২) ও প্রতিবেশী কৃষক আহমদ ছফা (৪২)। তাঁদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ি বরই বাগান এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ তাঁর বরই বাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একই এলাকার রফিক আহমদের ছেলে কাদের ও আমিনুল্লাহর নেতৃত্বে অস্ত্রশস্ত্রে সজ্জিত ৫-৬ জনের একটি দল অতর্কিতভাবে বাগান মালিক আবদুল্লাহর ওপর হামলা চালায়। আবদুল্লাহকে রক্ষা করতে প্রতিবেশী কৃষক আহমদ ছফা এগিয়ে এলে প্রতিপক্ষরা তাঁর ওপরও হামলা করে। হামলাকারীরা এ সময় আবদুল্লাহর ফুলকপি ক্ষেতেরও ক্ষতিসাধন করে।
আহত মোহাম্মদ আবদুল্লাহ জানান, তাঁর বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিপক্ষের লোকজন তাঁকে হুমকি দিয়ে আসছিল। তিনি বলেন, "গতকাল শুক্রবার সকালে বাগানে কাজ করার সময় হঠাৎ কাদেরের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় আমার ফুলকপি ক্ষেতও নষ্ট করে হামলাকারীরা।"
এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৈলছড়িতে হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।