চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইন চৌধুরী প্রমুখ।

 

সভায় বক্তারা সমবায়ের মূলনীতি ও গুরুত্ব তুলে ধরে বলেন, "সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।"

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— গণ্ডামারা লবণ উৎপাদনকারী শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মৌলভী বশির, উত্তর পশ্চিম গণ্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতির সেক্রেটারি ওসমান গণি, রায়ছটা প্রেমাশিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ফরিদ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জমান, খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী প্রমুখ।

 

পরে উপস্থিত অতিথিরা সমবায়ের অগ্রগতিতে অবদান রাখা সফল সমবায়ী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করেন।



সম্পর্কিত খবর