আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় ইসলামী আন্দোলনের বাঁশখালী পৌরসভার সভাপতি মাওলানা কলিম উল্লাহ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এস এম ফয়জুল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণ শেষে মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার সাংবাদিকদের বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে আট দলের সমন্বয়ে গঠিত জোটের পক্ষ থেকে যাকেই চূড়ান্ত সমর্থন দেওয়া হবে, আমরা সবাই তাঁর হয়েই মাঠে কাজ করব। যেহেতু এখনো জোটগত প্রার্থী চূড়ান্ত হয়নি, তাই দলীয় প্রতীক ‘হাতপাখা’র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”
তিনি আরও যোগ করেন, “পীর সাহেব চরমোনাইর নির্দেশনায় আমরা বাঁশখালী আসনে লড়তে প্রস্তুত আছি। জোটগত সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আমাদের পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।”
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে বাঁশখালী আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন জোটের প্রার্থীদের তৎপরতা বর্তমানে তুঙ্গে। ইসলামী আন্দোলনের এই প্রার্থীকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে।