বরিশাল

বাউফলে অসহায়দের মাঝে ৫ লাখ টাকার অনুদান ও টিন বিতরণ করলেন এমপি ড. মাসুদ

অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “মানুষের দুর্দিনে তাদের পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে বাউফলের মানুষের জন্য কাজ করে যাব।”

 

বুধবার (২৯ জুলাই) দুপুরে বাউফল উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সমাজসেবক আতিকুর রহমান নজরুল ও জামায়াত নেতা মো. নুরুল আলম।

 

অনুষ্ঠানে উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

 

ড. মাসুদ বলেন, “১০ হাজার টাকা হয়তো বড় কিছু নয়, তবে জরুরি প্রয়োজনে এটি কিছুটা হলেও উপকারে আসবে।” তিনি অনুদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি আরও বলেন, “তালিকা প্রণয়নে কোনো দলীয় বিবেচনা করা হয়নি; প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্তরাই অগ্রাধিকার পেয়েছেন।” দেশ ও জনগণের উন্নয়নে রাজনৈতিক বিভেদ ভুলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে চেক, টিন ও নগদ অর্থ তুলে দেন।

 


সম্পর্কিত খবর