বরিশাল

বাউফলে অসহায় পরিবারের পাশে স্প্রেড হিউম্যানিটি, এক মাসের খাদ্যসামগ্রী প্রদান

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি এলাকার অসহায় নির্মল ঘরামীর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘স্প্রেড হিউম্যানিটি’।

শুক্রবার (৬ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ওই পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ২০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।

নির্মল ঘরামীর পরিবারে মোট পাঁচজন সদস্য রয়েছেন। সীমিত সামর্থ্যের কারণে পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করতে পাশে দাঁড়ায় স্প্রেড হিউম্যানিটি।

এ বিষয়ে সংগঠনের সভাপতি রুহুল আমিন বলেন, “বিগত দুই বছরের বেশি সময় ধরে স্প্রেড হিউম্যানিটি হাজারো মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। নির্মল ঘরামীর পরিবারের পাশে স্প্রেড হিউম্যানিটি থাকবে, ইনশাআল্লাহ। এই কার্যক্রম পরিচালনায় সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতা প্রয়োজন। আশা করি, মানবিক মানুষদের স্প্রেড হিউম্যানিটির সব ভালো কাজের পাশে পাব।”

তিনি আরও বলেন, স্প্রেড হিউম্যানিটির মূল লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তার মাধ্যমে তাঁদের কষ্ট লাঘব করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজী, সদস্য ওমর ফারুক, হামিম ও সিহাবসহ অনেকে।

 


সম্পর্কিত খবর