পটুয়াখালীর বাউফলে ধান কাটার মজুরি বাবদ পাওনা টাকা চাওয়ায় হাসান মৃধা (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয়েছেন তার বাবা সোহাগ মৃধা ও মা ফাতেমা বেগম। বুধবার রাত ৭টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের শানেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসানের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মৃধা তার প্রতিবেশী বাচ্চু হাওলাদারের কাছে ধান কাটার মজুরি বাবদ ১ হাজার টাকা পেতেন। বুধবার সন্ধ্যায় ওই টাকা চাইতে গেলে বাচ্চুর সঙ্গে হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাচ্চু ও তার ভাই মনির দেশীয় অস্ত্র দিয়ে হাসানকে কুপিয়ে রক্তাক্ত করেন। চিৎকার শুনে হাসানের বাবা-মা এগিয়ে এলে তাদেরও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান বেগম বলেন, “রাত ৯টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। হাসানের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশাল পাঠানো হয়েছে। বাকি দুইজন এখানেই চিকিৎসাধীন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনির হোসেন দাবি করেন, “পাওনা টাকার বিষয়টি আগেই নিষ্পত্তি হয়েছে। হাসান মাদকাসক্ত, সে গালিগালাজ করায় তাকে মারধর করা হয়েছে।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে এখনো পুলিশকে কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।