বরিশাল

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগ জামায়াতের

পটুয়াখালীর বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, উসকানিমূলক বক্তব্য এবং কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সহিংস কর্মকাণ্ড বন্ধ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায় দলটি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার চন্দ্রদ্বীপসহ বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের ওপর হামলা, হুমকি এবং কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটেছে।

 

খালিদুর রহমান বলেন, "বিএনপি প্রার্থীর উসকানিমূলক বক্তব্য ও তাঁর অনুসারীদের সহিংসতা দীর্ঘ ১৭ বছর পর ফিরে পাওয়া ভোটাধিকারের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করছে। এমনকি মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে।"

 

নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— দুর্গম চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল জোরদার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা। সংবাদ সম্মেলন থেকে নির্বাচনকালীন সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

 

উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রশাসনের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর